ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’

‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’

সরকার আর ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না। বরং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার দিকে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ভবনে কর্মকর্তাদের সঙ্গে বাজেট ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকার এখন ঋণনির্ভর অর্থনীতির পরিবর্তে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে ঢালাওভাবে টাকা ছাপানোর যে প্রবণতা ছিল, তা থেকে সরকার বেরিয়ে আসতে চায়। তিনি বলেন, কর-জিডিপি অনুপাত বাড়াতে হলে আগে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আর সেই শক্তির প্রধান উৎস হবে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। বর্তমান সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, বিগত সরকারের কাছ থেকে পাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করা, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত অতিরিক্ত ব্যয়ের চাপ সামলানো- এই তিনটি বড় চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সম্পদ আহরণ বা ‘রিসোর্স মোবিলাইজেশন’কে সরকার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে বলেও জানান তিনি। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নীতিমালার ঘনঘন পরিবর্তন বন্ধ করার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা যেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন, সেজন্য নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত নীতি অপরিবর্তিত রাখার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিনিয়োগ সহজ করতে বড় ধরনের ‘ডিরেগুলেশন’ বা আইনি ও প্রশাসনিক জটিলতা কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত