ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তেল আছে, তেল নেই

তেল আছে, তেল নেই

জাতীয় সংসদের অধিবেশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে জ্বালানিমন্ত্রী বারবার দাবি করে আসছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকটের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। দিনের পাশপাশি মধ্যরাত থেকে বিভিন্ন পাম্পে তেল সংগ্রহের জন্য মানুষের ভিড়। অপেক্ষায় থাকতে থাকতে চালকদের কেউ কেউ গাড়িতে ঘুমিয়ে পড়ছেন। সরকারি আশ্বাস আর মাঠপর্যায়ের বাস্তবতার এই বৈপরীত্যে জ্বালানি খাতে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, যা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা গেছে, ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের জন্য চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পরিবহন চালকরা। আবার কিছু ফিলিং স্টেশনে তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকেই রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফুয়েল স্টেশন, আসাদগেট তালুকদার ফিলিং স্টেশন, সোনার বাংলা ফিলিং স্টেশন, পরীবাগের মেঘনা ফিলিং স্টেশন ও পূর্বাচল ফুয়েল স্টেশন ঘুরে তেল পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষার চিত্র দেখা যায়।

সরকারি তথ্য অনুযায়ী, ১ এপ্রিল সরকারের সরবরাহযোগ্য ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, অকটেন ৯ হাজার ২১ টন ও পেট্রোল ১২ হাজার ১৯৪ টন। দেশে দৈনিক ১২ হাজার টন ডিজেল, ১ হাজার ২০০ টন অকটেন ও ১ হাজার ৪০০ টন পেট্রোলের চাহিদা রয়েছে। এ হিসাবে মজুত থাকা ডিজেলে ১০ দিন, অকটেনে ৮ দিন ও পেট্রোলে প্রায় ৯ দিন চলবে। মজুত প্রবণতা প্রতিরোধে সরকার সারা দেশে অভিযান পরিচালনা করছে। মার্চ মাসে ৩ লাখ ৭২ হাজার টন জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে, যা বাংলাদেশের ২৫ দিনের ডিজেল, অকটেন ও পেট্রোলের চাহিদার সমান। দেশব্যাপী একাধিক অভিযানে কর্তৃপক্ষ অবৈধভাবে মজুত করা জ্বালানি উদ্ধার করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।

পাম্পে মাঝরাত থেকে অপেক্ষা, দুপুরেও তেলের দেখা নেই : রাজধানীর বিজয়স্বরণী ট্রাস্ট ফুয়েল স্টেশনের সামনের লাইন মহাখালীর কাছাকাছি গিয়ে শেষ হয়েছে। তবে, তেল না থাকায় বিতরণ কার্যক্রম বন্ধ রাখা ছিল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার আগ দিয়ে তেলের গাড়ি আসলে আবারও তেল দেওয়ার কার্যক্রম শুরু করা হয়। পরীবাগে অবস্থিত মেঘনা ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু হয়ে গাড়ির লাইন পিজি হাসপাতালমূখী সড়কে গিয়ে শেষ হয়েছে। তবে, এই পাম্পের পাশে অবস্থিত পূর্বাচল ফুয়েল স্টেশনে তেল না থাকায় তেল বিক্রি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। খিলক্ষেত পাম্পে তেল না পেয়ে বৃহস্পতিবার রাত ৩টায় বিজয় সরণি ট্রাস্ট ফুয়েল স্টেশনে তেলের লাইনে দাঁড়ান মো. আলম। দীর্ঘলাইন শেষে গতকাল শুক্রবার অর্ধবেলায় ফিলি স্টেশনের কাছাকাছি পৌঁছেন। ট্রাস্ট ফুয়েল স্টেশনের সামনে অপেক্ষারত মো. আলম বলেন, খিলক্ষেতে কোনো পাম্পে তেল না পেয়ে রাত ৩টার সময় ট্রাস্টের লাইনে দাঁড়িয়েছি। যখন লাইনে দাঁড়িয়ে তখন ছিলাম মহাখালী আর জাহাঙ্গীরগেট এর মাঝে যেখানে ফ্লাইওভার ব্রিজ নামছে সেখানে। শুক্রবার দুপুর ১২টা ২০। তখনও তেল নিতে পারিনি। তেল ছিল না। শুধু গাড়ি এসেছে। তেল পেতে আরও সময় লাগবে।

বাড্ডা থেকে ট্রাস্ট ফুয়েল স্টেশনে তেল নিতে আসেন মোস্তফা। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে পাম্পে আসি। এসে জাহাঙ্গীর গেট থেকে আরও পেছনে লাইনে দাঁড়াতে হয়েছে, দুপুর ২টা পর্যন্ত তেল পাননি। আরও কত সময় লাগতে পারে তা জানেন না মোস্তফা। যমুনা ফুয়েল স্টেশনের লাইনের শুরুতে দাঁড়িয়ে ছিলেন তাইজুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার সকাল ৭টার সময় তেলের লাইনে দাঁড়ান। এই ভোগান্তি শেষ কবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাইজুল ইসলাম। যমুনা ফুয়েল স্টেশনের একজন তেল বিক্রয়কর্মী বলেন, শুক্রবার সকাল ৮টার সময় থেকে তেল দিচ্ছি। তখন এসে যে লাইন দেখছি, যত সময় যাচ্ছে লাইন তত বড় হচ্ছে। লাইন ছোট হওয়ার কোনো সুযোগ নেই।

দেশে তেলের কোনো সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদবাজার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম বলেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য এরইমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা বলা হয়েছে। জরুরিভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে : সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ। চীনের পতাকাবাহী জাহাজটি শুক্রবার বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের জন্য ভেড়ানো হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বলেন, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

তিনি আরও বলেন, জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। শুক্রবার রাতে সেটি বন্দরে পৌঁছাতে পারে। এছাড়া চীন থেকে রওনা দেওয়া আরেকটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজটি এরইমধ্যে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রামে ট্যাংকার থেকে অবৈধ ডিজেল জব্দ : চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌ বাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। বন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান চালানো হলে একটি ট্যাংকার জাহাজে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, অবৈধ তেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ৭৫০ লিটার ডিজেল জব্দ : জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।

অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাটবাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। এ সময় পেট্রোলিয়াম আইন, অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সারেং কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

ড্রামে তেল বহনকালে পুলিশে দিলেন হুইপ বকুল : তিনটি ভ্যানে ছয় ড্রাম তেল বহনকালে পুলিশে তুলে দিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। শুক্রবার জুমার নামাজ আদায়ে মসজিদে যাওয়ার পথে অবৈধভাবে এই তেল বহন দেখে তিনি তাৎক্ষণিক তা পুলিশের হাতে তুলে দেন। খালিশপুর থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, তেল থানায় এনে কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জানা যায়, ভ্যানে করে জ্বালানি তেল পরিবহন করতে দেখে সন্দেহজনক হওয়ায় হুইপ তাৎক্ষণিকভাবে ভ্যানগুলো থামান এবং বিষয়টি যাচাই করেন। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জ্বালানি তেলগুলো জব্দ করা হয়। পরে তিনি ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেন এবং জব্দ করা ছয় ড্রাম তেলসহ ভ্যানগুলো পুলিশের কাছে হস্তান্তর করেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, সংকট পরিস্থিতির মধ্যে এভাবে ভ্যানে করে প্রকাশ্যে ড্রাম ভরে তেল নিয়ে চলা সন্দেহজনক। পুলিশ তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত