
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধান (চিফ অফ স্টাফ) জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৪১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তবে চার বছর মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি থাকতেই কেন তাকে সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি দপ্তরটি।
সূত্র জানিয়েছে, কেবল জেনারেল জর্জই নন, পিট হেগসেথ একই সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনি এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও অব্যাহতি দিয়েছেন। ফক্স নিউজের সাবেক সঞ্চালক হেগসেথ প্রতিরক্ষা সচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই পেন্টাগনের খোলনলচে বদলে দিতে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন।
পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যখন মার্কিন সামরিক প্রস্তুতি তুঙ্গে এবং এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য সেখানে অবস্থান নিয়েছে, ঠিক এমন যুদ্ধকালীন মুহূর্তে সেনাপ্রধানকে বরখাস্ত করার ঘটনা নজিরবিহীন। উল্লেখ্য, জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন জেনারেল ক্রিস্টোফার লানিভ। তিনি এর আগে হেগসেথের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত বছর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল সি.কিউ. ব্রাউনসহ নৌ ও বিমানবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল, যা পেন্টাগনের ভেতরে চরম অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প : অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি আর তার পদে থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বন্ডিকে আইন প্রয়োগকারী শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। খবর এনডিটিভির। এর আগে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাম বন্ডি যেভাবে যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত নথিগুলো সামলেছেন, তা নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। এ কারণে তিনি বন্ডিকে সরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। ট্রাম্প বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, পাম বন্ডি যুক্তরাষ্ট্রের মহা দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি গত বছরজুড়ে বিশ্বস্ততার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বন্ডিকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি ট্রাম্প। তিনি কেবল লিখেছেন, ‘আমরা পামকে ভালোবাসি।’ ট্রাম্প আরও বলেছেন, বন্ডি এখন বেসরকারি খাতে ‘অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ’ নতুন একটি কাজে যোগ দেবেন। বন্ডির আগে ট্রাম্প আকস্মিকভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোমকে বরখাস্ত করেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন লি জেলডিনকে বিচার বিভাগের পরবর্তী দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন। জেলডিন বর্তমানে মার্কিন এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) প্রধান হিসেবে কাজ করছেন। যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হওয়া জেফরি এপস্টিনের কারাগারে মৃত্যু হয় ২০১৯ সালে। এপস্টিন- সংক্রান্ত নথিতে বারবারই ট্রাম্পের নাম উঠে এসেছে। কংগ্রেসে পাস হওয়া একটি বিলের আওতায় মার্কিন বিচার বিভাগ এপস্টিন- সংক্রান্ত নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়।
বন্ডি বিচার বিভাগের নেতৃত্বে থাকা অবস্থাতেই নথিগুলো প্রকাশিত হয়েছে। তবে আইনপ্রণেতাদের অভিযোগ, নথিগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি।