ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার পরিকল্পনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার পরিকল্পনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ মহাসড়ককে আধুনিক ও নিরাপদ সড়কে রূপ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, হাইওয়ে ইমপ্রুভমেন্ট ফেজ-১ প্রকল্পের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ ইতোমধ্যে পিপিপি পদ্ধতিতে অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করা হবে। বাকি প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চলমান রয়েছে এবং এ বিষয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। শেখ রবিউল আলম বলেন, মহাসড়কটির অবশিষ্ট অংশ চার লেনে উন্নীত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ রয়েছে। তিনি স্বীকার করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ। তবে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রায় ১৫৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। এ লক্ষ্যে অতীতে একাধিকবার সমীক্ষা পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত