ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শুক্রবার রাতে হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। উপহার সামগ্রীর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার; যা হজক্যাম্পে আসা হজযাত্রীদেরকে সরবরাহ করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম, সাবান, পানির পাত্র, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরের ব্যবস্থা রাখা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবারের হজ ফ্লাইটের উদ্বোধন করেন। এরপর রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। প্রথম দিন মোট ১৪টি হজ ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়টি এবং সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৪টি করে ফ্লাইট পরিচালনা করে। হজের সার্বিক প্রস্তুতি নিয়ে আশকোনায় হজক্যাম্পে গিয়ে তদারকি করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন। আগামী ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫ টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই শেষ হবে। এদিকে শুক্রবার সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। তিনি আরও বলেন, ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। আমরা হজযাত্রীদের খাদেম। তাদের খেদমত না করতে পারলে আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।’ তিনি জোর দিয়ে বলেন, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।

পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি, ক্যাম্পের সার্বিক অবস্থা এবং যাত্রীদের থাকাণ্ডখাওয়ার বিষয়গুলো সরেজমিনে দেখেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন। ধর্মমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন এবং সেবার মান উন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এদিকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই ছেড়ে যায়। এর আগেই বৃহস্পতিবার থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন। ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্মমন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত