
জমকালো আয়োজন আর সাজানো মঞ্চ। হাজারের বেশি নামিদামি অতিথি। ছিলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার প্রায় সবাই। মধ্যমণি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। এমনই একটি আয়োজনে হঠাৎ ছন্দপতন। রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা একটি আয়োজনে বিকট শব্দ। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকোন। দ্রুতই মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। পরে অতিথিদেরও।
ঘটনাস্থলে দায়িত্ব পালন করা একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তিনি। ঘটনাটি স্থানীয় সময় গত শনিবার রাতের। রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজন হয়েছিল বার্ষিক নৈশভোজ। তাতেই অংশ নেন ট্রাম্প-মেলানিয়া। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও তার ট্রুথ সোশ্যালে পোস্ট করে এ খবর জানিয়েছেন। বলেছেন, তিনি ও মেলানিয়া, ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সবাই অক্ষত আছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ৩০ বছর বয়সী একজন পুরুষ। ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন। বিবিসি বলছে, ঘটনার কিছু সময় পর ট্রাম্প দম্পতিকে হিলটন হোটেল থেকে নিরাপদে হোয়াইট হাউসে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ট্রাম্পের।
গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না - ট্রাম্প : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। গত শনিবার রাতে ওয়াশিংটন হিলটন নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার বলেন, হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। যদিও তিনি মনে করেন যে, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র থাকার সম্ভাবনা কম। হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া থেকে এটা আমাকে বিরত রাখতে পারবে না। এর সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না আমি জানি না, আমরা যা জানি তার ভিত্তিতে আমি সত্যিই তা মনে করি না। তবে ট্রাম্প এর আগে বলেছিলেন, কখনও বলা যায় না যে এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র থাকতে পারে কি না। তিনি জানিয়েছেন, তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। প্রায় দুই মাসের যুদ্ধের পর তেহরানের আলোচনার অবস্থানে সন্তুষ্ট না হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য তার দূতদের পাকিস্তান সফর বাতিল করেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, এরই মধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত।
ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তি ‘মাসের সেরা শিক্ষক’ হয়েছিলেন : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম কোল টমাস অ্যালেন। তার বয়স ৩১ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এসব তথ্য দিয়েছে।
ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন গত শনিবার ওই নৈশভোজের আয়োজন করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফাস্ট লেডি মেলানিয়া ও তার মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ সেখানে গুলির শব্দ পাওয়া যায়। ট্রাম্প, মেলানিয়া ও মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে ওই সন্দেহভাজনকে খালি গায়ে মাটিতে উপুড় হওয়া অবস্থায় দেখা যাচ্ছে। এ সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে আছেন।
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের তথ্যসহ বিভিন্ন নথিপত্র যাচাই করে সিএনএন জানতে পেরেছে, সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তিনি একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন।
৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের টরেন্স শহরে বসবাস করেন। তার নাম ও ছবির সঙ্গে লিংকডইনের একটি প্রোফাইলের মিল পাওয়া গেছে। লিংকডইনের ওই প্রোফাইলে তাঁকে টিউটরিং কোম্পানি সি টু এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সি টু এডুকেশন তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
গত শনিবার রাতে সি টু এডুকেশনের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেছিল সিএনএন। তবে কেউ সাড়া দেয়নি।
প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডমিনগুয়েজ হিলস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন।
হুইলচেয়ারের জন্য একটি প্রোটোটাইপ ইমার্জেন্সি ব্রেক তৈরি করার কারণে ২০১৭ সালে কোল টমাস অ্যালেন স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। সে সময় তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অ্যালেন ২০২৪ সালের অক্টোবর মাসে তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।
ট্রাম্পের মতো ৪৫ বছর আগে হিলটন হোটেলে হামলা হয়েছিল আরেক মার্কিন প্রেসিডেন্টের ওপর অ্যালেন তার লিংকডইন প্রোফাইলে নিজেকে ভিডিও গেম ডেভেলপার হিসেবে উল্লেখ করেছেন। সেখানে দেখা যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগে বোরডাম নামে একটি ভিডিও গেম তৈরি করেছেন, যা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম স্ট্রিমে ১ দশমিক ৯৯ ডলারে বিক্রি করা হয়। বোরডাম নামটির জন্য তিনি ২০১৮ সালে ট্রেডমার্ক নিবন্ধনও করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেডমার্ক রেকর্ডে উল্লেখ রয়েছে। লিংকডইনে অ্যালেন লিখেছেন, তিনি বর্তমানে দ্বিতীয় একটি গেম তৈরি করছেন। এটির নাম ফাস্ট ল’।