
গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তর গভর্নরেটের পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল নাসের মোহাম্মদ আল-মাকাদমা নিহত হয়েছেন। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গত শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি ও প্যালেস্টাইন ক্রনিকলস। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫৪ বছর বয়সি আল-মাকাদমা ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলায় নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এতে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩১৭ জনে পৌঁছেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-নুর স্টেডিয়ামের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালালে দুই ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন।