
এক সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনীর দুই নারী সেনা সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে আত্মহত্যা করা ইসরায়েলি সেনার সংখ্যা ১৬ জনে পৌঁছেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার সকালে মিশর-ইসরায়েল সীমান্তে মোতায়েন থাকা বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনা দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরআগে গত রোববার মধ্য ইসরায়েলের রামাত হাশারনের কাছে অবস্থিত গ্লিলট সামরিক ঘাঁটিতে সামরিক গোয়েন্দা বিভাগে কর্মরত এক নারী সেনা আত্মহত্যা করেন। তিনি অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর একটি পদে দায়িত্ব পালন করছিলেন।
এই দুই ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইসরায়েলের মিলিটারি পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। হারেৎজ জানিয়েছে, চলতি বছরে কর্মরত ১৬ জন সেনার আত্মহত্যার পাশাপাশি গাজা যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ বাহিনীর অন্তত আরও ৯ জন সাবেক সেনা দায়িত্ব শেষ করার পর আত্মহত্যা করেছেন। অন্যদিকে গাজা যুদ্ধের আগে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন।