
কয়েক বছরের মধ্যে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়েছে কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছেন। ধসে পড়েছে বহু ভবন, আহত হয়েছেন ৪৮০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৩ কিলোমিটার (৬৪ মাইল) গভীরে। এর কম্পন পশ্চিম কলম্বিয়ার কয়েকশ’ মাইলজুড়ে বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা শহরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। আশপাশের শহরগুলো এবং ভালে দেল কাউকা অঞ্চলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। তবে স্থানীয় মেয়র লিওন ফাবিও মারিন মোনকাদা জানিয়েছেন, গ্রামটিতে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি, যা অনেকটা অলৌকিক বলেই মনে হচ্ছে। তবে গ্রামটির সঙ্গে যোগাযোগের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজের সোমবারের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পে ৪৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) দূরে অবস্থিত পেরেইরা শহর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।