
মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি নভোযান। গত সোমবার ঘটেছে এ ঘটনা।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি বলেছে, গত সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেইনানের ওয়েনচ্যাং স্পেস লাউঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় লংমার্চ সেভেন-এ নামের একটি রকেট। নভোযানটিতে ঝোংজিং ফোর-বি নামে একটি যোগাযোগ বা কমিউনিকেশন্স স্যাটেলাইট ছিল। মূলত স্যাটেলাইটটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করাই ছিল এই যাত্রার উদ্দেশ্য।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘উড্ডয়নগত ত্রুটি’র কারণে নভোযানটি বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেছে সিনহুয়া। সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া রকেট বিস্ফোরণের ভিডিও তাদের ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা গেছে, বিস্ময়াবিষ্টে একদল মানুষ রাতের আকাশের একটি ‘অগ্নিগোলকের’ দিকে তাকিয়ে আছে। ওই অগ্নিগোলকটিই সেই নভোযান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া আরেকটি ভিডিও থেকে জানা গেছে, উৎক্ষেপনের মাত্র ৮৫ সেকেন্ডের মাথায় বিস্ফোরিত হয়েছে লংমার্চ সেভেন-এ নামের সেই রকেটটি।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা প্রকল্পে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। দেশটির প্রেসিডেন্ট এ প্রকল্পকে ‘দেশের মহাকাশ স্বপ্ন’ বলে প্রায়ই উল্লেখ করে থাকেন। চীনের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, তারা জুলাই মাসে প্রথমবারের মতো একটি পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে অবতরণ করিয়েছে, যা তাদের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষা এবং উৎক্ষেপণ খরচ কমানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। দেশটি ২০৩০ সালের আগে চাঁদে নভোচারী অবতরণের লক্ষ্য নিয়েছে, যে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রও তাদের আর্টেমিস কর্মসূচির মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করছে।