
দুই দিন আগে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়া। দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এখন পর্যন্ত প্রাণ গেছে দুই শতাধিক মানুষের। আহত হয়েছেন বহু মানুষ। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন অনেকে। কলম্বিয়ার জন্য ভূমিকম্প কোনো বিরল ঘটনা নয়। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৮০টি ভূমিকম্প যন্ত্রে ধরা পড়ে, যার অধিকাংশই মানুষ অনুভব করতে পারেন না।
কলম্বিয়াসহ লাতিন আমেরিকার দেশগুলোতে কেন ঘন ঘন ভূমিকম্প হয়, এর পেছনে মূল কারণ হলো ওই অঞ্চলের ভূ-প্রাকৃতিক অবস্থান এবং একাধিক টেকটনিক প্লেটের সক্রিয় গতিবিধি।
নাজকা, দক্ষিণ আমেরিকান ও ক্যারিবিয়ান প্লেটের পারস্পরিক সংঘর্ষ ও সঞ্চালনের কারণে কলম্বিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে পরিণত হয়েছে।
কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিস (এসজিসি) জানিয়েছে, দেশটিতে দিনে প্রায় ৮০টি ভূমিকম্প যন্ত্রে ধরা পড়ে। মাসে এই সংখ্যা দাঁড়ায় প্রায় আড়াই হাজারে।