
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
গত শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটি আগুনে জ্বলতে দেখেন। পরে ভেতর থাকা চারজনকেই মৃত ঘোষণা করা হয়। পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার ছিল। দুর্ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে কুইবেকের প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ এবং কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও কাজ করছেন। পুলিশ জানিয়েছে, হাইওয়ে ১০-এর কাছাকাছি র্যাং দে জকসকাইস সড়কের পাশে দুর্ঘটনাস্থলটি অবস্থিত। জরুরি ফোনকলে পুলিশকে জানানো হয়েছিল, একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।