
থেমে থেমে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনও বন্যার পানিতে ডুবে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। নগর কর্তৃপক্ষ ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বন্যার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানিবন্দি ও অন্যান্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন প্রায় ৩ লাখ ২৯ হাজার পরিবারের ৭ লাখ মানুষ। ব্যাংককের ডেপুটি সিটি মেয়র তাভিড়া কামোলভেজ গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল ও টানা বর্ষণের জেরে পরের দিন শুক্রবার থেকে বন্যা শুরু হয় ব্যাংককে। গত শনিবার এক বিজ্ঞপ্তিতে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়, রাজাধানীর অন্তর্ভুক্ত ৫০টি জেলার সবগুলোতে বন্যাবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রোববারের ব্রিফিংয়ে ডেপুটি মেয়ার তাভিড়া কামোলভেজ বলেন, ব্যাংকের জেলাগুলোর মধ্যে বন্যায় সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় আছে লাত ক্রাবাং জেলা। এই জেলার ৪০ হাজারেরও বেশি মানুষ বন্যাজনিত দুর্ভোগের মধ্যে পড়েছেন। এছাড়া বাঙখাপি, খান্নায়ো, লাকসি, সাফান সুং, সুয়ান লুয়াংসহ বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ।
গত কয়েক দিনে ব্যাংককের বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে শয্যাশায়ী রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন তাদের পরিবারের সদস্যরা। ব্যাংককের অন্যতম বৃহৎ হাসপাতাল বিএমএতে গত তিন দিনে ১ হাজার ৫০০ জন শয্যাশায়ী রোগীকে নানা হয়েছে। এই রোগীদের জন্য জরুরি ভিত্তিতে পানি ও শুকনো খাবার চেয়ে বার্তা দিয়েছে বিএমএ কর্তৃপক্ষ।