ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাইলটকে সহকারীর ছুরিকাঘাত

ছিনতাইয়ের আশঙ্কায় সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি অবতরণ

ছিনতাইয়ের আশঙ্কায় সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি অবতরণ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী বিমান বুধবার সৌদি আরবে জরুরি অবতরণ করেছে। বিমানের দুই পাইলটের মধ্যে মারামারির ঘটনায় জরুরি সংকেত পাঠানো হয়েছিল। এতে কিছু সময়ের জন্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়েছিল।

ফ্লাইদুবাইয়ের বিমানটি জর্ডানের আকাশসীমায় থাকা অবস্থায় গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের দিকে যায়। এ সময় বিমানটি তিনটি জরুরি সংকেত পাঠায়। এর একটি সংকেতে বিমানে সম্ভাব্য বেআইনি হস্তক্ষেপের কথা জানানো হয়।

পাইলটদের মধ্যে কথিত মারামারির সময় বিমানটি নাটকীয়ভাবে নিচে নেমে আসে। মাত্র দুই মিনিটে এটি প্রায় ১৬ হাজার ফুট নিচে নেমে যায়।

বিমানটিতে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক ছিলেন। সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধবিমান পাঠান। পরে বিমানটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ফ্লাইদুবাইয়ের বিমানটি বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে তাবুকে অবতরণ করে। বিমানের ক্যাপ্টেন ও কো-পাইলট আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে ফ্লাইদুবাই জানিয়েছিল, এফজেড ১০৭৩ ফ্লাইটটি গন্তব্যে যাওয়ার পথে একটি ঘটনার মুখে পড়ে। পরে বিমানটি তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং তাঁদের সবার হিসাব পাওয়া গেছে। এক যাত্রী জেরুজালেম পোস্টকে বলেন, এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি তাঁকে ককপিট থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। অন্য ইসরায়েলি যাত্রীরা ককপিটে ছুটে গিয়ে হামলাকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।

গার্ডিয়ান এসব প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েলি সংবাদমাধ্যমে এমন একজন যাত্রীর ছবি প্রকাশ করা হয়েছে, যাঁর শার্টে রক্তের দাগ দেখা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত