
জানুয়ারিতে উত্তাল সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বুধবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানায়। অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে এর এক মাস আগে ওই বিক্ষোভ শুরু হয়েছিল।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, আলী হেম্মাতি ও মাজিদ নিক-আন্দিশকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে 'জানুয়ারির দাঙ্গায়' জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ওই ঘটনায় চার নিরাপত্তাকর্মী নিহত হন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ওয়েবসাইটটি আরও জানায়, তারা দোকান, ব্যাংক, বাস ও বিভিন্ন স্থাপনে আগুন দিয়ে সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এমনকি গাছেও আগুন ধরিয়ে দেন। সুপ্রিম কোর্ট তাদের সাজা বহাল করার পর বুধবার ভোরে তাদের ফাঁসি কার্যকর করা হয়।