
মহাকাশের আধিপত্য বিস্তারে নতুন যুগের সূচনা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে পেছনে ফেলে 'উড়ছে' চীন। শুধু তা-ই নয়, অন্তরীক্ষে ভ্রাম্যমাণ কৃত্রিম উপগ্রহে জ্বালানি ভরার ক্ষেত্রে সাফল্য দাবি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বেইজিংয়ের জ্যোতির্বিজ্ঞানীরা। বিগত কয়েক দশক ধরে চেষ্টা করেও এই বিষয়ে সাফল্যের দেখা পায়নি আমেরিকা। ফলে, মান্দারিনভাষীদের কীর্তিতে বেজায় অস্বস্তিতে ওয়াশিংটন। সংশ্লিষ্ট ইস্যুতে সন্দেহ প্রকাশ করে একাধিক প্রশ্ন তুলেছে তারা। চলতি বছরের সেপ্টেম্বরে মহাকাশ ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করে হংকংয়ের ইংরেজি দৈনিক 'সাউথ চায়না মর্নিং পোস্ট'। চীনের সরকারি সংস্থা ডিপ স্পেস এক্সপ্লোরেশন এবং চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর গবেষকদের বরাত দিয়ে তারা জানিয়েছে, একটি দিক নির্ণয়কারী উপগ্রহে জ্বালানি ভরার যুগান্তকারী অভিযানে সাফল্য পেয়েছে বেইজিং। ফলে, ওই মহাকাশযানের জীবনীশক্তি বেড়ে গিয়েছে অন্তত আট বছর। চীনের দিকনির্ণয়কারী ওই কৃত্রিম উপগ্রহের পোশাকি নাম 'বেইডু ২ জি-৭'। এতে জ্বালানি ভরতে 'শিজিয়ান-২৫' নামের একটি মহাকাশযান অন্তরীক্ষে পাঠায় বেইজিং।