
রাজধানী ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গরম কমে স্বস্তি ফিরেছে নগরজীবনে। এই বৃষ্টিপাত আজ সোমবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসফেরত নগরবাসীকে।
সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আগামী ২ দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা কম।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়, দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।