
বাংলাদেশে খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে (ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং) সহজবোধ্য পুষ্টি তথ্য ও লেবেল প্রদর্শন চালুর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট বিশ্লেষণ, রাজনৈতিক বাস্তবতা অনুধাবন, সংশ্লিষ্ট পক্ষসমূহ চিহ্নিত করা এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন। কর্মশালায় আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস। এসময় তারা বলেন- এরইমধ্যে বিশ্বের ৪৪টি দেশে ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং চালু হয়েছে, যার মধ্যে ১০টি দেশে এটি বাধ্যতামূলক। এসব দেশে ভোক্তাদের খাদ্য নির্বাচনে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কমেছে। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও পণ্যের গুণগত মান উন্নয়নে উদ্যোগী হয়েছে।