
জাতীয় নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে ছুটির আমেজ। এ কারণে বাজারে প্রয়োজনীয় পরিমাণ সবজি সরবরাহ নেই। তাতে বেড়েছে দাম। সেই সঙ্গে আসন্ন রমজান মাসকে কেন্দ্র করেও দামের ঊর্ধ্বগতিতে দেখা দিয়েছে ক্রেতা অসন্তোষ। তবে নতুন সরকারের কাছে নিত্যপণ্যের বাজারমূল্যের লাগাম টেনে ধরার প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। গতকাল শুক্রবার রাজধানীর শান্তিনগর, পল্টন ও এর আশপাশ ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি বিগত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা বেশিতে বিক্রি হয়েছে। বাজারে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা (বড় সাইজের)। প্রকারভেদে শিম ৪০ থেকে ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। কুমড়া, মুলা, পেঁপে, শালগম ও ব্রকলির দামও বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে। তবে প্রকারভেদে প্রতি কেজি আলুর দাম শিথিল রয়েছে; যা আজকের বাজারে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচে ঝাঁজ না বাড়লেও কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা দাম বেড়েছে।
শান্তিনগরের কাঁচা বাজারের ব্যবসায়ী নাসির আলী বলেন, নির্বাচন ঘিরে সবাই বাড়িতে গেছে। ঢাকায় সবজির সরবরাহ কম। পর্যাপ্ত সরবরাহ না থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম বেড়েছে। মাংস ও ডিমের দাম বিগত সপ্তাহের মতোই।
বিগত সপ্তাহের মতোই মুরগি ও গরুর মাংসের দাম প্রায় কাছাকাছি রয়েছে। গতকাল শুক্রবার বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি এলাকাভেদে ৮০০ টাকার ওপরে। এছাড়া প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।
বাজারে আসা আনোয়ার ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনের অযুহাতকে কাজে লাগিয়ে ও রমজান মাসকে কেন্দ্র করে কৃত্রিমভাবে এই দাম বাড়ানো হয়েছে। এত দিন নির্বাচিত সরকার ছিল না। নির্বাচন শেষ হয়েছে। আমরা সাধারণ নাগরিকরা প্রত্যাশা করি, যেন নতুন সরকার বাজারের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। এটাই একমাত্র চাওয়া। সুগন্ধি চাল ও গুঁড়ো দুধে চাহিদা বেশি: সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত সুগন্ধি চালের দাম কেজিতে প্রায় ১৫ টাকা বাড়িয়েছে; যা বিগত এক সপ্তাহে হ্রাস পায়নি। সুগন্ধি চালের দাম এখন ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের গুঁড়ো দুধের মধ্যে নেসলের ল্যাকটোজেন ও ন্যান দুধের দাম প্যাকেটপ্রতি ৫০ টাকা বেড়েছে; যা বিগত সপ্তাহ থেকেই নির্ধারিত হয়।
মশলার বাজারে চাহিদা ও দাম বেড়েছে:
চলতি মাসে মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩ হাজার ২০০ টাকার এলাচ এখন ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০০ টাকার আলু বোখারা ৮০০ টাকা এবং ৫০০ টাকার কিশমিশ ৯০০ টাকা ছাড়িয়েছে। কাঠবাদাম ও অন্যান্য শুকনো ফলের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
এছাড়া মানভেদে প্রতি কেজি আদা ও রসুন ১৪০-২২০ টাকায়, চিনি ৯৮-১০৫ টাকায়, ছোলা ৮০-১০০ টাকায়, মানভেদে মশুর ডাল ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় পেঁয়াজের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
সরবরাহ কম থাকায় মাছ বাজারে ভিন্ন চিত্র। দামের তারতম্য অনুসারে বিগত সপ্তাহের তুলনায় আজ ১৫ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।