
নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রথম ১৮০ দিন বা ছয় মাসকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ সময় হিসেবে ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নতুন সরকারের প্রথম ৬ মাসে সরকার কী কী কাজ করবে, তা নিয়ে মানুষের আগ্রহ থাকে। মানুষ কাজের গতি ও ক্ষিপ্রতা দেখবে। আমাদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। এসময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার কথাও বলেন। গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আমাদের কাছে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করতে গেলে আমাদের সবাইকে টিমওয়াইজ কাজ করতে হবে। মন্ত্রণালয়ের প্রত্যেক দায়িত্বশীলদের সঙ্গে আমি আলাদা আলাদা ভাবে বসবো। তিনি বলেন, দেশটা আমাদের সবার, দেশটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্রসহ অন্য্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য কর্মকর্তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি। একই সঙ্গে দ্রুততার সঙ্গে আন্তরিকতা নিয়ে মন্ত্রণালয়ের কাজ সম্পাদনার জন্যও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রবাসীদের কল্যাণ ও তাদের অধিকার সংরক্ষণে কতজনকে এ পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা তৈরি করার কথাও বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি বলেন, দেশের বাইরে কাজ করতে যারাই যান তাদের সহযোগিতা করতে হবে। সাধারণত প্রবাসীরা বিদেশ যায় গয়নাঘাটি ও বাবা-মায়ের জমি বিক্রি করে। তাদের প্রতি আমাদের সদয় হতে হবে। যে-কোনও মূল্যে অভিবাসন ব্যয় কমানোর ব্যাপারেও তাগিদ দেন মন্ত্রী।
প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, এখন সব কিছু অনলাইনে হয়, আমাদের যারা বাইরে যায়, যেন বৈধ পথে রেমিট্যান্স পাঠায় সেজন্য এয়ারপোর্টে যে সাপোর্ট ডেস্ক বা হেল্প ডেস্ক আছে সেখানে যাতে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আন্তরিকতা এবং সততার সাথে দেশকে এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আপনাদেরকেও আমরা সহযোগী হিসেবে চাই।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই নতুন সরকার গঠনে জনগণের প্রত্যাশা ও ইশতেহারের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান।