ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দুই সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে
দুই সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তা প্রতিহত করে ফেরত পাঠিয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (গতকাল) ভোর ৫টা ১০ মিনিটের দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস-সংলগ্ন এলাকা দিয়ে ১৪৬ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা আটজনকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এদের মধ্যে দুইজন পুরুষ, চারজন মহিলা ও দুইজন ট্রান্সজেন্ডার রয়েছে। অধিনায়ক বলেন, বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়। বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা

এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ৭ জন পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবির বাধার মুখে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাড়ালডাংগা সীমান্তের শূন্য লাইনে (জিরো লাইন) এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোরে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট দিয়ে ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেন এবং ওই ৭ ব্যক্তিকে জিরো লাইনের ভারতীয় অংশে শনাক্ত করেন। অধিনায়ক আরও জানান, বর্তমানে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। সীমান্তে কাঁতারবিহীন অংশ দিয়ে তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত