
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামে তিনজন ও ডেঙ্গুতে একজন মারা গেছেন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৪৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৪৭ শিশু মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৬৮। এই সময়ে ১ হাজার ১৫২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০০ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এছাড়া অক্টোবরের গত ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ১৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৪৩ জন, চট্টগ্রামে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭২ জন, বরিশালে ১৪১, ময়মনসিংহে ৬৮, রংপুরে ৮০ জন এবং সিলেট ৪ জন।