ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আসছে অ্যাপলের ডলবি অ্যাটমস

আসছে অ্যাপলের ডলবি অ্যাটমস

ফর্মুলা ওয়ান (এফওয়ান) রেসের সরাসরি সম্প্রচারে এবার উন্নত প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এ জন্য ডলবি ল্যাবরেটরিজের সঙ্গে অংশীদারত্ব করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ ব্যবস্থায় রেসের গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের শব্দ এবং পিট লেনের ব্যস্ততার শব্দ আরও বাস্তবসম্মতভাবে শোনা যাবে। চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিতব্য ইউএস গ্র্যান্ড প্রিক্স থেকে ডলবি অ্যাটমস প্রযুক্তিতে এফওয়ান রেস সম্প্রচার শুরু হবে। অ্যাপল ডিভাইস এবং ডলবি টেলিভিশন, সাউন্ডবার ও হোম থিয়েটার ব্যবস্থায় দর্শকরা এ সুবিধা পাবেন।

অ্যাপল জানিয়েছে, ডলবি অ্যাটমসের ত্রিমাত্রিক শব্দপ্রযুক্তির সঙ্গে ডলবি ভিশন প্রযুক্তি যুক্ত করে ঘরে বসে এফওয়ান দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে চায় তারা। এর ফলে রেসের শব্দ বিভিন্ন দিক থেকে আসছে এমন অনুভূতি তৈরি হবে। বিশেষ করে গাড়ির ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণ এবং পিট লেনের বিভিন্ন শব্দ দর্শকের কাছে আরও জীবন্ত মনে হতে পারে।

ডলবি ল্যাবরেটরিজের বিনোদন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন কুলিং বলেন, রেসের আবেগ ও উত্তেজনা তৈরিতে শব্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শব্দই দর্শককে পুরো ঘটনার সঙ্গে যুক্ত রাখে এবং উত্তেজনা বাড়ায়। ডলবি অ্যাটমস সেই অভিজ্ঞতাই দিতে পারবে বলে তিনি মনে করেন।

অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অলিভার শুসার বলেন, খেলাধুলার সম্প্রচারে প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ এখনও অনেক। অ্যাপল কয়েক বছর আগে খেলাধুলার সম্প্রচারে যুক্ত হওয়ার সময় দর্শকের অভিজ্ঞতায় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছিল। এফওয়ান সম্প্রচারে নতুন শব্দপ্রযুক্তি যুক্ত করা সেই উদ্যোগেরই ধারাবাহিকতা।

এফওয়ানের রেস প্রযোজনার দায়িত্ব থাকবে ফর্মুলা ওয়ানেরই। অ্যাপল তাদের প্রযুক্তি অবকাঠামোর মাধ্যমে দর্শকদের কাছে সম্প্রচার পৌঁছে দেবে। ভবিষ্যতের এফওয়ান রেসগুলোতেও উন্নত শব্দ ও ছবির মান ধরে রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এফওয়ানের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্বের জন্য অ্যাপল বছরে আনুমানিক ১৪ থেকে ১৫ কোটি মার্কিন ডলার দিচ্ছে বলে জানা গেছে। এটি এফওয়ান সম্প্রচারে অ্যাপলের প্রথম বছর। এর আগে যুক্তরাষ্ট্রে এফওয়ান রেসের সম্প্রচার স্বত্ব ছিল ইএসপিএনের কাছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত