
রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে সেখানে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব বসিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পুনরায় ফুটপাত দখল ঠেকানো এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বিকাল ৩টা থেকে নিউমার্কেট এলাকায় পরিচালিত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অভিযানের অংশ হিসেবে নীলক্ষেত মোড় সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেট সংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করা হয়। পরে দখলমুক্ত ফুটপাতের বিভিন্ন স্থানে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব স্থাপন করা হয়। অভিযান চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করতে সংশ্লিষ্টদের বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ রাস্তা দখল করে বসলে তার মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের সহযোগিতায় সড়কে অবৈধভাবে কেউ যাতে বসতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।