
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘স্কুল অব ল’-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের (ঈউঈঅ) উদ্যোগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা প্রস্তুতি ও দিকনির্দেশনা বিষয়ক বিশেষ ওয়েবিনার ঢাকায় গত সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ জীবন নাহার নয়ন। তিনি বিজেএস পরীক্ষায় সফলতার জন্য নিয়মিত ও কঠোর অধ্যবসায়, সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা এবং গুরুত্বপূর্ণ আইনসমূহ ভালোভাবে আয়ত্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থেকে নোট করে পড়াশোনা এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দেন। ওয়েবিনার সঞ্চালনা করেন ‘স্কুল অব ল’-এর প্রভাষক ও ঈউঈঅ-এর কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা। তিনি বলেন, বিজেএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে কঠোর পরিশ্রম ও ত্যাগের মানসিকতা থাকতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি