
ডেঙ্গু নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে মশারি টাঙিয়ে প্রতিবাদ করার চেয়ে ডেঙ্গুর প্রকৃত পরিস্থিতি ও নির্ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরা জরুরি। একই সঙ্গে যার যে এলাকায় দায়িত্ব, সেখানে দায়িত্ব পালন করতে হবে। পানি জমে থাকার সুযোগ বন্ধ করা গেলে এডিস মশার প্রজনন কমানো সম্ভব।
গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর ক্লিনিক্যাল ব্যবস্থাপনা বিষয়ে বিভাগীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় হোটেল পেনিনসুলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে মেয়র বলেন, গত বছরের তুলনায় চলতি বছর দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। তবে, ডেঙ্গু নিয়ে আলোচনা করতে হলে জাতীয় ও স্থানীয় পর্যায়ের পরিসংখ্যানের তুলনামূলক বিশ্লেষণ প্রয়োজন। শুধু আক্রান্তের সংখ্যা বা মৃত্যুর তথ্য তুলে ধরে পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তি তৈরি করা ঠিক নয়।
তিনি বলেন, এই যে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করার কারণে দায়িত্বশীলরা কিন্তু দায়মুক্তির দিকে চলে যাচ্ছে। আলোচনায় ডেঙ্গু আক্রান্তদের দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মনির-উজ-জামান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া আল আজিজ, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সচিব অধ্যাপক বেলায়েত হোসেন ঢালি এবং ইউনিসেফ বাংলাদেশের ফিল্ড অফিসের প্রধান মাধুরী ব্যানার্জী।