
যুক্তি, মেধা ও মুক্তচিন্তার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। গত শুক্রবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইএসইউ। রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এবারের প্রতিযোগিতায় সারাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনালে বিতর্কের বিষয় ছিল, 'এই সংসদ দুর্বল ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় সহায়তায় বাঁচানোর পরিবর্তে তাদের ব্যর্থ হতে দেবে।' এ বিতর্কে সরকারি দল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে আইএসইউ অংশ নেয়। যুক্তি, বিশ্লেষণ ও পাল্টা যুক্তির প্রাণবন্ত লড়াইয়ে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আইএসইউ। চ্যাম্পিয়ন দলের তিন সদস্য— রাহি রহমান, লিখন সরকার ও সাকিব হাসান সিফাত। পাশাপাশি ফাইনালে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী লিখন সরকার। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি