ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা

বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা

বরিশাল মহানগরে থানার সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বর্তমান চারটি থানার সঙ্গে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএমপি কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ।

গতকাল সোমবার দুপুরে নগরীর বান্দ রোডে বিএমপির নিজস্ব কার্যালয়ে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ২০০৬ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংস্থাটি। তবে নগরীর জনসংখ্যা, আয়তন, যানবাহন ও অপরাধের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের ওপরও বাড়ছে দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে বিএমপি কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

পরে একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিবর্তিত নগর বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। বিএমপি কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ভবিষ্যতে বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মহানগরে থানার সংখ্যা চার থেকে বেড়ে আটটি হবে। এতে নাগরিকদের আরও দ্রুত ও সহজে পুলিশি সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিএমপিতে প্রায় ১ হাজার ৮০০ সদস্য কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার দুই দশকে নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। ৫৮ বর্গকিলোমিটার আয়তনের নগরের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পুলিশের সক্ষমতা ও সেবার পরিধি বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত