
রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আগামী এক বছরের মধ্যে কয়েকশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমানে এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। ভবিষ্যতে ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ববি হাজ্জাজ। তিনি বলেন, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করছে সরকার। বর্তমানে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে ১৫টি স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ও দূর থেকে ছবি বড় করে দেখার সুবিধাযুক্ত ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এসব ক্যামেরার সংখ্যা কয়েক শতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারি বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই বিভিন্ন স্থানে ক্যামেরা বসানো হয়েছে। জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষ ধরনের গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে। এলাকার নিরাপত্তাব্যবস্থায় স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করা হবে। পুলিশ ও ট্রাফিক বিভাগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।
তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত রাখা হবে না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ ও দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকেও সমন্বিত নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ পুলিশের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ সমস্যা সমাধানে এআইনির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে দ্রুত সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা করা হবে।
মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সিসিটিভি নজরদারি, সড়কবাতি স্থাপন ও পুলিশের নিয়মিত তৎপরতায় কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু এলাকায় এখনও অপরাধের প্রবণতা রয়েছে। সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।