ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠাতাসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইউনাইটেড গ্রুপ এবং নেপচুন হাউজিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। অন্য যে তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন- ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

হাসান মাহমুদ রাজাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন বলা হয়েছে, হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ অন্যান্য ১২ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জাল দলিলের মাধ্যমে সরকারি অর্পিত সম্পত্তি দখলসহ অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। অনুসন্ধান টিমের বিশ্বস্ত সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হাসান মাহমুদ রাজাসহ তিনজন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচারের স্বার্থে তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কাজী ইনাম আহমেদের আবেদনে বলা হয়েছে, আসামি কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখার অপরাধ এবং তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪টি হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করায়, দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত