
রপ্তানি আয়ের ওপর ১ শতাংশের পরিবর্তে দশমিক ৫ শতাংশ উৎসে কর ধার্য ও রপ্তানি ভর্তুকির ওপর ১০ শতাংশ হারে অগ্রিম আয়কর বাতিল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, প্রণোদনার ওপর কর আরোপ হলে সেটা কেমন যেন লাগে। আমি মনে করি, এটি প্রত্যাহার করা যেতে পারে। এটা খুব বড় টাকা না, বাট ইট কন্ট্রাডিক্টস উইথ দি আইডিয়া অব ইনসেন্টিভাইজিং সামবডি। গতকাল বিকালে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
শওকত আজিজ রাসেল বলেন, রপ্তানি আয়ের ওপর ১ শতাংশ নেওয়া হচ্ছে। সেখানেও ট্যাক্স আছে। আফটার এক্সপোর্ট আমাদের বাড়তি ট্যাক্স যেটা দেওয়া হয়, সেটা কিন্তু পরের বছর ক্যারি ফরোয়ার্ড হচ্ছে না। তখন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, আমরা এবার করপোরেট রিটার্নও অনলাইন করেছি। অনলাইনে এগুলো সব অ্যালাউড।
বিটিএমএ সভাপতি বলেন, আমাদের একটা পণ্য শুরু হয় কটন থেকে, তারপর হয় গ্রে ফেব্রিক, তারপর হয় কালার ফেব্রিক, তারপর হয় আরএমজি। এই ধাপে ধাপে ৩% করে আমরা ১২% বা ১৪% সব মিলিয়ে এরকম টিডিএস আসে। দেখবেন জিনিসটা কিন্তু একটাই, পণ্যটা একটাই। বারবার যখন করা হচ্ছে, এটা একটা বাড়তি লোড হয়ে যাচ্ছে। উই আর লুজিং কম্পিটিটিভনেস। তিনি আরও বলেন, ম্যান-মেড ফাইবারে অনেক নতুন ফাইবার এসেছে। বহির্বিশ্বে অলমোস্ট ৭০ শতাংশ আরএমজি ইজ প্রি-ডমিনেন্টেড বাই ম্যান-মেড ফাইবার। যেখানে আমাদের বর্তমানে একদমই নেই বললেই চলে।