প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৭ এপ্রিল, ২০২৬
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) গত শনিবার জাতীয় বাজেট ২০২৬-২৭ সামনে রেখে একটি প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে। সভায় নীতি-নির্ধারক, কর বিশেষজ্ঞ, শিক্ষাবিদসহ বিভিন্ন খাতের সংশ্লিষ্টরা অংশ নেন এবং আসন্ন বাজেটের গুরুত্বপূর্ণ বিষয় ও প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন। ঢাকায় অবস্থিত আইসিএমএবির রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ। এছাড়া, স্বাগত বক্তব্য রাখনে আইসিএমএবির সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। সেসময় তিনি অর্থনৈতিক নীতি প্রণয়নে সমন্বিত আলোচনার গুরুত্ব তুলে ধরেন। বক্তব্যকালে, প্রধান অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, এফসিএমএ বলেন, আমরা সবসময় গঠনমূলক প্রস্তাবনা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কর ব্যবস্থাকে আরও সহজ করতে সরকার অতিরিক্ত পরিশোধিত কর ফেরতের প্রক্রিয়া উন্নত করছে। পাশাপাশি করদাতাদের অংশগ্রহণ বাড়াতে ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমের সঙ্গে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে।