ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় ফার্নিচার মেলা শুরু ২৭ অক্টোবর

জাতীয় ফার্নিচার মেলা  শুরু ২৭ অক্টোবর

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে ২৭ অক্টোবর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এ মেলা। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানো এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) জুড়ে সাজানো হচ্ছে মেলার প্রদর্শনী এলাকা। এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য ও নকশা তুলে ধরবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না।

১৯ অক্টোবর সকালে অনলাইনে প্রেস কনফারেন্সের মাধ্যমে আয়োজনের বিস্তারিত জানান আয়োজকরা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল, লেগাসিসহ দেশের বিভিন্ন ব্র্যান্ড। ফার্নিচার প্রদর্শনের পাশাপাশি মেলায় ছোটদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ক গ্রুপে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি এবং খ গ্রুপে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিশুরা অংশ নিতে পারবে। নিবন্ধন শুরু হবে বেলা ২টায় এবং প্রতিযোগিতা শুরু হবে বিকেল ৪টায়। ২০ জন শিশুকে পুরস্কৃত করা হবে, মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় দুই লক্ষ টাকা।

আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আব্দুল আউয়াল বলেন, এ মেলায় শুধু দেশে তৈরি ফার্নিচারই প্রদর্শিত হবে, কোনো আমদানিকৃত ফার্নিচার থাকবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এবার নতুন নতুন নকশা নিয়ে হাজির হচ্ছে। নিজেদের সর্বশেষ নকশা ও উদ্ভাবনের কথা দেশবাসীকে জানানোর এটি ফার্নিচার নির্মাতাদের জন্য একটি বড় সুযোগ। বিক্রি বাড়াতে ক্রেতাদের জন্য থাকছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত