ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শারীরিক প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেট

শারীরিক প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেট

সমাজের সুবিধাবঞ্চিত তারা। কিন্তু কারো দয়া বা সহানুভূতির পরোয়া করেন না। শুধু অধিকার চান। সেই অধিকার দিতেই শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে করছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের সহায়তায় যে প্রতিযোগিতার নাম ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট’। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও এনপিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিবুল বাশার, বিসিবির পরিচালক ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান জুলফিকার আলী খান, এনপিসির সহ-সভাপতি ও পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, এনপিসির যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার বলেন, ‘শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে গত তিন মাসে আটটি টুর্নামেন্টের আয়োজন করেছে এনপিসি। প্রত্যেকটি সম্পর্কেই আমি জানি। এছাড়া তারা আন্তর্জাতিক আসরেও অংশ নিয়েছেন। এটা খুবই ভাল। আমি আশা করি আগামীতেও তারা ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের সহযোগিতা করবে।’ শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজনে উচ্ছ্বসিত জুলফিকার আলী খানের কথা, ‘এটা ভালো একটি উদ্যোগ। আমাদেরই একটি অংশ শারীরিক প্রতিবন্ধীরা। আমরা আশাকরি এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা বেশ কিছু ক্রিকেটার পাব। আমাদেরই উপকার হবে। বিদেশের মাটিতে তারা আমাদের জন্য গৌরব বয়ে আনতে পারবে।’ এনপিসির সহ-সভাপতি নাসিরুল ইসলামও, ‘এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সামনেই শারীরিক প্রতিবন্ধীদের নানা আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। সেখানে তারা দেশের প্রতিনিধিত্ব করবে। আশা করি, তারা ভালো ফল বয়ে আনবে।’ ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ওই দিনকে সামনে রেখে ৩ ও ৪ ডিসেম্বর কিংসের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে এই আসর। বাছাইকৃত ৮০ জন খেলোয়াড়কে চারটি দলে বিভক্ত করে টুর্নামেন্ট হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত