
নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছিল বাংলাদেশ, আইসিসি সেটা নাকচ করে দেওয়ায় খুবই বিরক্ত রশিদ লতিফ। কঠিন এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে বলেছেন তিনি। পাকিস্তানের প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়াও উচিত বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর গত বুধবারের খবর অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি না বাংলাদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একদিন সময় দেওয়া হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিবিকে। ভারতে না গেলে, তাদের বদলি হিসেবে অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে বলে আইসিসির সভায় ভোটাভুটিতে এই রায় এসেছে।
বিসিবি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে কোনোভাবেই ভারতে যাবে না বাংলাদেশ দল। সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিসিবির অনুরোধ গত বুধবার খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটে। নিজেদের বাইরে স্রেফ আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গেছে বলে জানা গেছে। বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় ও একটি ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা। আইসিসি গত বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সূচি অনুযায়ী ভারতেই হবে।