ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রেকর্ড গড়ে সিরিজ জিতল পাকিস্তান

রেকর্ড গড়ে সিরিজ জিতল পাকিস্তান

আগ্রাসী ব্যাটিয়ে দলকে সামনে থেকে পথ দেখালেন অধিনায়ক সালমান আলি আগা। সঙ্গে উসমান খানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে প্রায় দুইশ রানের সংগ্রহ গড়ল পাকিস্তান। পরে স্পিনারদের চমৎকার বোলিংয়ে সফরকারীদের গুঁড়িয়ে রেকর্ড গড়া জয় তুলে নিল স্বাগতিকরা। গতকাল শনিবার লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে যা তাদের সবচেয়ে বড় জয়। ২০১৮ সালে ৬৬ রানের জয় ছিল আগের রেকর্ড। গাদ্দাফি স্টেডিয়ামে সালমান ও উসমানের ফিফটিতে ৫ উইকেটে ১৯৮ রান তোলে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০১৮ সালে করা ১৯৪ রান ছিল তাদের আগের সর্বোচ্চ। দুইবার করেছিল তারা ১৯১ করে রান। তিনে নেমে চারটি ছক্কা ও আটটি চারে ৪০ বলে ৭৬ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন সালমান। ৩৬ বলে ৫৩ রান করতে দুটি ছক্কা ও চারটি চার মারেন উসমান।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান পেয়েছে ৯০ রানের বড় জয়। এই জয়ে ঝোড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি গড়ে দেওয়ার কাজটি করেছেন ব্যাটসম্যান সালমান। ম্যাচের সঙ্গে পাকিস্তান জিতেছে সিরিজও। দীর্ঘ ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানকে সিরিজ জেতালেন অধিনায়ক সালমান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে জেতা পাকিস্তান প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৯৮। শুরুতে সাহিবজাদা ফারহানের উইকেট হারিয়ে ফেললেও সাইম আইয়ুবকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দেন সালমান। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ হয় মাত্র ২১ বলে। সাইম ৪ চারে ১১ বলে ২৩ রান করে আউট হওয়ার পরও সালমান ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। ২৫ বলে ফিফটিও স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক। ১৩তম ওভারে শন অ্যাবোটের বলে ক্যাচ দিয়ে সালমান যখন ফেরেন, নামের পাশে ৪০ বলে ৭৬ রান, ৮টি চার ৪টি ছয়। দলীয় ১২৫ রানে সালমানকে হারানোর পর পাকিস্তানকে বাকি পথে এগিয়ে দেন উসমান খান। তাঁর ৩৬ বলে ৫৩ ও শাদাব খানের ২০ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে দুই শর কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তানের রান। রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া স্বস্তিতে ছিল না কখনোই। ট্রাভিস হেড ও মিচেল মার্শের উদ্বোধনী জুটি ২২ রান তোলার পর দুজনই ফেরেন টানা দুই বলে। এরপর তিনে নামা ক্যামেরন গ্রিন আর সাতে নামা ম্যাথু শর্ট ছাড়া অন্য কেউ দশ বলও টিকতে পারেননি। গ্রিন ২০ বলে ৩৫ আর শর্ট ২৩ বলে ২৭ রান করেন। পাকিস্তানের হয়ে দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব নেন ৩টি করে উইকেট, দুটি নেন উসমান তারিক, একটি করে মোহাম্মদ নেওয়াজ ও সাইম। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই প্রথম পাকিস্তানের স্পিনাররা ম্যাচে সব কটি উইকেট নিয়েছেন। পাকিস্তান এবারের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ২০১৮ সালের অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজটিতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সরফরাজ আহমেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত