
মধ্যপ্রাচ্যে সংঘাত ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অস্থিরতার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার খবর বেরিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে।
তবে সেরকম কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে খবরটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের পিএসএলে স্টিভেন স্মিথ, ডেভিন ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, মার্নাস লাবুশেনের মতো তারকাসহ খেলার কথা আছে অ্যাশটন টার্নার, জশ ফিলিপি, পিটার সিডল, স্পেন্সার জনসনদের। তবে সেখানে সংশয়ের মেঘ জমে ওঠার কথা জানায় অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ও হামলার কারণে ক্রিকেটাদের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত বলে জানানো হয় সেসব খবরে। তবে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ভ্রমণের সমস্ত ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল ১১-এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।’ অস্ট্রেলিয়ান সরকার যদিও পিএসএল খেলতে তাদের ক্রিকেটারদের অনুমতি দিয়েছে, তবে কঠোর সতর্কও করে দেওয়া হয়েছে তাদের।