ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

অভিযুক্ত হওয়ার পর শাস্তি অনুমিতই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন লাহোর কালান্দার্সের ব্যাটসম্যান ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, পিএসএলের আচরণবিধির লেভেল ৩ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ফাখার। শুনানির পর এই শাস্তির ঘোষণা করা হয়, যেখানে ম্যাচ রেফারি রোশন মাহানামা এই সিদ্ধান্তে উপনীত হন যে, ফাখার বল টেম্পার করেছেন এবং পিএসএল আচরণবিধির ৪১.৩ ধারা লঙ্ঘন করেছেন। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ফখর বল টেম্পারিংয়ের অভিযোগ অস্বীকার করায় শুনানির প্রয়োজন হয়েছিল। পিএসএলে এক মৌসুমে প্রথমবার এই নিয়ম লঙ্ঘনের শাস্তি সর্বনিম্ন এক ম্যাচ এবং সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচ রেফারি রোশান মাহানামা শৃঙ্খলাভঙ্গের শুনানি পরিচালনা করেন এবং সমস্ত প্রমাণ পর্যালোচনা করে ও ফাখারকে ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন। শুনানির সময় কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও টিম ম্যানেজার ফারুক আনোয়ারও উপস্থিত ছিলেন।

পিএসএলের আচরণবিধি অনুযায়ী, ম্যাচ রেফারির কাছ থেকে লিখিত রায় পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফাখার পিএসএল টেকনিক্যাল কমিটির কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কালান্দার্সের পরের দুই ম্যাচে আগামী শুক্রবার মুলতান সুলতানস ও ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারবেন না ফাখার। গত রোববার কালান্দার্সের বিপক্ষে করাচি কিংসের রান তাড়ার শেষ সময়ের ঘটনা এটি। জয়ের জন্য শেষ ওভারে কিংসের প্রয়োজন ছিল ১৪ রান।

ওভার শুরুর আগে বোলার হারিস রউফের রান-আপের মাথায় একত্রিত হয়ে আলোচনা করতে দেখা যায় কালান্দার্স অধিনায়ক আফ্রিদি ও ফাখারকে। প্রত্যেকেই কোনো না কোনো সময়ে বল হাতে নেন। তাদের এই কথোপকথনে নজর রাখছিলেন আম্পায়ার ফায়সাল আফ্রিদি এবং এক পর্যায়ে তিনি বলটি পরীক্ষা করার জন্য ডাকেন।

আফ্রিদি এবং স্কয়ার-লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদের দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ ও বিস্তারিত আলোচনার পর আম্পায়াররা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে, কালান্দার্স ইচ্ছাকৃতভাবে বল বিকৃত করেছে এবং নিয়ম অনুযায়ী ৫ রান পেনাল্টি দেওয়া হয়। পাশাপাশি, বলটিও পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ৪ উইকেটে হেরে যায় কালান্দার্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত