
চব্বিশের গণঅভ্যুত্থানের পর আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। ফারুক আহমেদ থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুলও তাকে ফেরাতে তেমন তৎপর ছিলেন না। তবে নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তেমন কিছু বলেননি। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন বিশ্বখ্যাত এ অলরাউন্ডারকে লম্বা সময়ের জন্য দলে চান। গতকাল শনিবার দুপুরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণার পর তিনি এ কথা জানান। হাবিবুল বাশার বলেছেন, ‘আমার সঙ্গে সাকিবের দুই-একবার কথা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি প্রস্তুত এবং এখন কী করছে? সে যেখানে আছে, সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ করা গেলেও ক্রিকেট অতটা নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে। আমি মূলত এসব বিষয় নিয়েই তার সঙ্গে বেশি কথা বলেছি।’ ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকেই সাকিব আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেছিলেন। পরে নিরাপত্তা শঙ্কায় খেলতে পারেননি। কয়েক মাস আগে সাকিব দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। যদিও পাকিস্তানের বিপক্ষে সিরিজে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন মাঠের বাইরের সবকিছু ঠিকঠাক হলে তাকে লম্বা সময়ের জন্যই আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে চান হাবিবুল, ‘আমরা পরিষ্কার করেছি যদি তাকে চাই, অবশ্যই লম্বা সময়ের জন্য চাইবো। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের সামনে লম্বা সময় আছে, তাই বিশ্বকাপ নিয়েই পরিকল্পনা করবো।
আলোচনাটা মূলত এটাই ছিল যে সে কতটুকু প্রস্তুত। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কিছু দাবি করে। তাই খেলার আগে নিজের প্রস্তুতিটা খুব দরকার।’