ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পিএসএলে বাবর আজমের ইতিহাস

পিএসএলে বাবর আজমের ইতিহাস

পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে নতুন ইতিহাসের জন্ম দিলেন বাবর আজম। লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে ৪০০০ রানের মাইলফলক ছুঁয়ে লিগের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন পেশোয়ার জালমির অধিনায়ক। গতকাল শনিবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪০ বলে ৪৩ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন বাবর। তার এই ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। এই রান করার পথেই তিনি ছুঁয়ে ফেলেন ঐতিহাসিক ৪০০০ রানের মাইলফলক। ১০৫ ম্যাচে এই অর্জন ছুঁয়ে ফেলা বাবরের স্ট্রাইক রেট ১২৭.৯২। ধারাবাহিকতার দিক থেকেও তিনি অনন্য। এ পর্যন্ত করেছেন ৩৭টি অর্ধশতক ও ২টি শতক। পিএসএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখর জামান। যিনি ৯৯ ম্যাচে করেছেন ৩০১৮ রান। এছাড়া তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান, রাইলি রুসো ও শোয়েব মালিক। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় পেশোয়ার। ওপেনার মোহাম্মদ হারিস দ্রুত রান তুললেও ১০ বলে ১৮ করে আউট হন শাহীন শাহ আফ্রিদির বলে। এরপর বাবর ও কুশল মেন্ডিস মিলে ইনিংস গড়েন। তাদের জুটিতে দল পেরিয়ে যায় ৫০ রান। পরে সেই জুটি ছুঁয়ে ফেলে ১০০ রানের মাইলফলক। মেন্ডিস ছিলেন সাবলীল। ৪৮ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। ১০৯ রানের জুটি ভাঙে উসামা মিরের বলে বাবর আউট হওয়ার মাধ্যমে। তখন জালমির স্কোর ১৫.২ ওভারে ১২৭/২।

শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন মাইকেল ব্রেসওয়েল, ১০ বলে করেন ২১ রান। তবে আবার আঘাত হানেন শাহীন। তুলে নেন তার তৃতীয় উইকেট। মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি। ইফতিখার আহমেদ অপরাজিত থাকেন ৭ রানে, আর সুফিয়ান মুকিম ১ রানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত