
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানার আগুন ঝরা বোলিংয়ের ছাপ পড়েছে র?্যাংকিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন গতিময় এই পেসার। ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে উন্নতি করেছেন বাংলাদেশের আরও অনেকে। পুরুষ ক্রিকেটারদের র?্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি গতকাল বুধবার ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে বোলারদের মধ্যে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন নাহিদ। বোলারদের র?্যাংকিংয়ে এছাড়া রিশাদ হোসেনের অগ্রগতি হয়েছে। আর পুনরায় র?্যাংকিংয়ে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম (৩৯তম স্থানে)। আর ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন তাওহিদ হৃদয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও সাইফ হাসান।
মিরপুরে গত সোমবার কিউইদের নাভিশ্বাস তুলে ছাড়েন নাহিদ। তীব্র গরমেও ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারিতে ১৪০ কিলোমিটারের গোলা ছোঁড়েন তিনি। অসাধারণ বোলিংয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ শিকার ধরেন, ৩২ রান খরচায়। নাহিদের চমৎকার বোলিংয়ে সফরকারীদের ১৯৮ রানে গুটিয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। ২৬ রানে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে একটি উইকেট নিতে পারেন ডানহাতি এই বোলার। দুই ম্যাচে তিন উইকেট নেওয়া লেগ স্পিনার রিশাদের অগ্রগতি ১০ ধাপ। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ও নেপালের লালিত রাজবানশির সঙ্গে যৌথভাবে ৫৮ নম্বরে আছেন তিনি। বোলারদের তালিকায় বাংলাদেশের সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়ে এখন অষ্টম স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক। নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ দিয়েছেন লম্বা লাফ। ২৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৯৭তম স্থানে আছেন দুই ম্যাচে চার উইকেট নেওয়া পেসার। কিউই বোলারদের মধ্যে আর কারো উন্নতি হয়নি।
ওয়ানডে বোলারদের র?্যাংকিংয়ে শীর্ষস্থানে আগের মতোই আফগানিস্থানের লেগ স্পিনার রাশিদ খান। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি চূড়ায় নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। সমতায় ফেরানোর ম্যাচে রান তাড়ায় অপরাজিত ৩০ রান করেন হৃদয়। পাঁচ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র?্যাংকিংয়ে পাকিস্তানের মোহাম্মাদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে আছেন তিনি। প্রথম ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে ভালো করতে না পারা তানজিদ দ্বিতীয়টিতে জ্বলে ওঠেন। ৭৬ রানের ইনিংসে দলকে জয়ের ভিত গড়ে দেন এই ওপেনার। তাতে ১৪ ধাপ এগিয়ে ৪০ নম্বরে আছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ফিফটি করা শান্ত ও প্রথম ম্যাচে ৪৬ রান করা লিটন কুমার দাস এগিয়েছেন এক ধাপ করে। প্রথম ওয়ানডেতে ৫৭ রান করা সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে এখন ৮৯ নম্বরে। কিউই ব্যাটসম্যানদের মধ্যে ১০ ধাপ এগিয়েছে এখন ৮৬তম স্থানে আছেন হেনরি নিকোলস। প্রথম ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন এই ওপেনার। দলটির আর কারো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ওয়ানডে অলরাউন্ডারদের র?্যাংকিংয়ে সবার উপরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।