
প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। খর্বশক্তির এই দল নিয়েই প্রথম ওয়ানডেতে টাইগারদের হারিয়ে দিয়েছিল কিউইরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ওয়ানডের মতো সফরকারিদের টি-টোয়েন্টি দলটা একই রকম খর্বশক্তির থাকলেও বাংলাদেশ দল ভীষণ সতর্ক। তবে জয়ের লক্ষ্য নিয়ে আজ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অন্যদিকে ওয়ানডের হার টি-টোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চায় সফরকারী নিউজিল্যান্ড। আজ দুপুর ২টায় চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
২৬ রানের হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ব্যাটার-বোলারদের দারুণ নৈপুন্যে শেষ দুই ম্যাচ যথাক্রমে ৬ উইকেট ও ৫৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির আগে গতকাল রোববার সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘ওয়ানডের পর দল এখন টি-টোয়েন্টি খেলবে। অবশ্যই ভিন্ন ফরম্যাট। তবে ভালো ক্রিকেট খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা। ওয়ানডের মত টি-টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে আছে দলের সবাই।’
তিনি আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দলের সবাই ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয় ও জয়ের যে মানসিকতা দরকার সেটা নিয়ে সবাই মাঠে নামবে।’ ২০২৫ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
এরপর নিরাপত্তার কারনে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তাই প্রায় পাঁচ মাস পর টি-টোয়েন্টিতে খেলতে নামছে লিটন দাসের দল।
অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নামায় কোনো চাপ মনে করছেন না লিটন। তিনি বলেন, ‘অনেকদিন পর আমরা আবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলব। আমরা কোনো বাড়তি চাপ দিতে চাচ্ছি না। দুই-একটা ম্যাচ খেললে যে যার জায়গা থেকে বুঝতে পারবে। কারণ এখানে সেটআপেরও বিষয় আছে। ভালো দিক হলো এই বছর তিনটি সিরিজের সবগুলোই ভালো দলের সাথে খেলতে হবে আমাদের। একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য তুলনামূলক সহজ হয়ে যাবে।’ গত মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে ব্ল্যাক-ক্যাপসরা। এরমধ্যে সদ্যই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারে চাপে রয়েছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের কাছে ওয়ানডেতে হারের ক্ষত টি-টোয়েন্টি সিরিজ জিতে ভুলতে চায় কিউইরা।
নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘ওয়ানডেতে আমরা ভালো খেলেছি, কিন্তু সিরিজ জিততে পারিনি। তবে আমাদের এখন মূল লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়।’ ওয়ানডের মত টি-টোয়েন্টিতেও খর্বশক্তির দল নিউজিল্যান্ডের। উপরের সারির বেশিরভাগ খেলোয়াড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত। পাশাপাশি কিছু খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। দলে থাকা খেলোয়াড়রা অনভিজ্ঞ হলেও, সবার সামর্থ্য আছে বলে জানান ল্যাথাম, ‘আমি চাই খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলা খেলুক। তারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই এখানে এসেছে। আমাদের বার্তা হলো নিজেদের স্বাভাবিক খেলাটা খেলা। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলা এবং প্রয়োজনে মানিয়ে নেওয়া।’
তিনি আরও বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড় আছে যাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা। তবে ঘরোয়া ক্রিকেটে তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাই আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত হলেও ঘরোয়া ক্রিকেটে যে অভিজ্ঞতা তারা অর্জন করেছে, সেটার ওপর ভরসা করা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমাদের দলের খেলোয়াড়রা টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে, সবাই এই সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৪টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।
এছাড়া ২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়। নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১৭ রানে জিতে সিরিজ হার এড়ায় নিউজিল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে এই তিন পেসারকে।