
প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে নেমেই চমক দেখাচ্ছে বাংলাদেশের নারী হকি দল। অভিষেক ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ড্র। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয়- এমন অনেক কীর্তি গড়ার পর কণা-সারিকারা এবার গড়লেন নতুন ইতিহাস। বাছাইয়ে বাজিমাত করে এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টে খেলার টিকেট পেল বাংলাদেশ। গতকাল রোববার ইন্দোনেশিয়ার জাকার্তায় ড্র করলেই এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু মেয়েদের লক্ষ্য ছিল জয় দিয়েই গ্রুপ পর্বের শেষটা রাঙানো। তাদের সেই লক্ষ্যটাই পূরণ হয়েছে। এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখালেন লাল-সবুজের প্রতিনিধিরা। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।
এশিয়ান গেমসের বাছাইপর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথম আসরটাই দারুণভাবে রাঙাচ্ছে দলটি। প্রতিপক্ষ হিসেবে হংকং বেশ অভিজ্ঞ। বিশ্ব হকির র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৩৪ নম্বরে। এশিয়ান গেমসে খেলেছে ছয়বার; সর্বশেষ ২০২২ সালে হয়েছিল নবম। জাকার্তার জিবিকে হকি মাঠে এমন একটা দলের বিপক্ষে শুরুতে খেই হারালেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় হংকং। দ্রুত পিছিয়ে পড়লেও ভড়কে যাননি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিট থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলেন। যার ফলও আসে দশম মিনিটে। জটলার মধ্য থেকেই চমৎকার হিটে ফিল্ড গোল করেন বাংলাদেশের মিডফিল্ডার নাদিরা এমা।
১-১ সমতার পর প্রথম কোয়ার্টারের শেষ দিকে দুবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। যদিও কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টারে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি জাহিদ হোসেনের দল। নিজেদের প্রথম দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে পাঁচ গোল করা বাংলাদেশকে এদিন সেট পিচে খানিকটা অচেনাই মনে হয়। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও নিশানা ভেদ করতে পারেননি মেয়েরা। তাতে অবশ্য জয়ের বন্দরে পৌঁছাতে সমস্যা হয়নি। ৩৯ মিনিটে ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার। শেষ কোয়ার্টারে হংকং বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণ ভয় ধরালেও তাদের চোখে চোখেই রেখেছেন অর্পিতারা। দারুণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের তন্নি খাতুন ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে হারায় উজবেকিস্তানকে। আট দলের বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল এশিয়ান গেমসে খেলবে।