ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রথমবার টেস্ট দলে তানজিদ ও অমিত

প্রথমবার টেস্ট দলে তানজিদ ও অমিত

প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান ও অমিত হাসান। এই দুজনকে রেখে গতকাল রোববার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছুদিন ধরেই টেস্ট দলের দুয়ারে কড়া নাড়ছিলেন অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটের নিয়মিত এই পারফরমার অবশেষে সুযোগ পেলেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। সীমিত ওভারের দলের প্রথম পছন্দের ওপেনার তানজিদ হাসানের অপেক্ষায়ও নতুন চ্যালেঞ্জ। প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা করে নিলেন আগ্রাসী বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথম সুযোগ পাওয়া দুজনের সঙ্গে ফেরার তালিকায়ও আছে তিনটি নাম। টেস্ট ক্রিকেট থেকে বিরতি শেষে ফিরছেন তাসকিন আহমেদ। লম্বা সময় পর ফিরেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। তাদের সঙ্গে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলি, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মুরাদ। চোটের কারণে নেই হাসান মাহমুদ।

অমিত হাসান গত সপ্তাহে বিসিএলে সেঞ্চুরি করেছেন। জাকের আলীর কনকাসন সাব হয়ে নেমে ১৬২ রান করেছেন। ২৩ বছর বয়সী অমিতের প্রথম শ্রেণির ক্রিকেট গড় ৪৯.৩২। ৪৯ ম্যাচে তার রান ৩৬৫০। নামের পাশে আছে ১১ সেঞ্চুরি, ১৭ ফিফটি। ২০১৯ সালে সিলেটের হয়ে জাতীয় লিগের ম্যাচ দিয়ে স্বীকৃত ক্রিকেটে অভিষেক হয় তার। ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে তিনি করেন ১২৫ রান। ২০২১-২২ মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পেয়ে দুর্দান্ত ধারাবাহিকতায় তাক লাগিয়ে দেন। সেবার ১০ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৯১২ রান করেন ৬০.৮০ গড়ে। এরপর নানা ধাপ পেরিয়ে অমিত এখন জাতীয় দলের ড্রেসিংরুমে। অমিতকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘অমিত দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কারণ সে আমাদের ফার্স্ট-ক্লাস ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব?্যাটসম?্যানদের একজন। তার মানসিক দৃঢ়তা আলাদা করে চোখে পড়ে এবং আমরা বিশ্বাস করি এটি টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযুক্ত। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা দরকার, আর সে দীর্ঘ সময় ধরে এই গুণগুলো দেখিয়েছে।’ এদিকে ওপেনার তানজিদ হাসান ২৫ প্রথম শ্রেণির ম?্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করেছেন। জাতীয় দলে হয়ে ৩৪ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলার পর তানজিদকে ডাকা হলো টেস্ট স্কোয়াডে। তাকে নিয়েও আশাবাদী হাবিবুল বাশার, ‘তানজিদ আমাদের টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় ছিল। তার ফার্স্ট-ক্লাস রেকর্ড খুবই ভালো এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ সে প্রাপ্য। তার টেকনিক শক্ত এবং স্বাভাবিক প্রতিভাও অনেক। আমরা আত্মবিশ্বাসী যে সুযোগ পেলে সে লম্বা ফরম্যাটে ভালো পারফর্ম করতে পারবে। এই দুই খেলোয়াড়ের সামনেই অনেক সময় রয়েছে এবং তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সেবা দিতে পারবে।’ বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৪ সালে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। অথচ আগের ১৩ ম্যাচে বাংলাদেশ জয় তো পায়নি, ড্র করতে পেরেছিল মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে দুইটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে। গত বছর শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের একটিতে ড্র করে। পরেরটিতে ইনিংস ব্যবধানে হেরে যায়। ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত