
থাইল্যান্ড থেকে দিল্লি হয়ে ভেন্যুতে পৌঁছানোর পর গতকাল শুক্রবার সকালেই মাঠে নেমে পড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম সেশনের অনুশীলনে ফিনিশিংয়ে জোর দিয়েছেন কোচ পিটার জেমস বাটলার। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় আরেকটি স্বস্তির খবরও দিয়েছেন গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। হাতের চোট থেকে সেরে উঠেছেন মিলি আক্তার। গত মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া নারী এশিয়ান কাপে পোস্ট সামলেছিলেন মিলি। এরপর এপ্রিলে অনুশীলনের সময় ডান হাতের তালুতে চোট পান তিনি। চোট নিয়েই সতীর্থদের সঙ্গে ব্যাংককের ক্যাম্পে ছিলেন ১৯ বছর বয়সী এই গোলকিপার। উজ্জ্বল জানিয়েছেন, পুরোপুরি সেরে ওঠা মিলি পোস্ট সামলাতে প্রস্তুত। তার মতোই তৈরি আছেন দলে থাকা বাকি দুই গোলকিপার স্বপ্না রানী মন্ডল ও রুপনা চাকমা।
‘হ্যাঁ, মিলি ইনজুরি থেকে রিকভারি করে ফেলেছে এবং গত প্র্যাকটিস ম্যাচেও সে খেলেছে। ৪৫ মিনিট তাকে আমরা খেলিয়েছিলাম এবং সে ভালো করেছে। সাফ টুর্নামেন্টের জন্য মিলিও প্রস্তুত। চোট কাটিয়ে ফেরার পর মিলিকে নিয়ে আমাদের একটু সংশয় ছিল, সে ফিরেছে, আর বাকি দুইজন তো ভালো অবস্থায় আছেই।’ নারী সাফে হ্যাটট্রিশ শিরোপা জয়ের লক্ষে নিবিড় প্রস্তুতি নিতে ব্যাংককে দুই সপ্তাহের ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেখান থেকে বৃহস্পতিবার রাতে টিম হোটেলে ওঠে দল। রাতটুকু পার করেই সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছেন ঋতুপর্ণা-আফঈদারা। সবাই সুস্থ আছে এবং পরিকল্পনা অনুযায়ী প্রথম সেশন হয়েছে বলেও জানিয়েছেন উজ্জ্বল। ‘গতকাল ভোর সাড়ে সাতটার ফ্লাইটে আমরা ব্যাংকক থেকে দিল্লি, দিল্লি হয়ে সন্ধ্যা সাড়ে ছয় বা সাতটার দিকে গোয়া এয়ারপোর্টে পৌঁছাই এবং এরপর সাড়ে ৯টার মধ্যে হোটেলে পৌঁছাই। আলহামদুলিল্লাহ, ভ্রমণ শেষ করতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। শারীরিকভাবে মেয়েরাও সুস্থ আছে এবং আজকে সকালে আমরা আমাদের ভারতে প্রথম সেশনটা শেষ করলাম।’