ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ফিফা বিশ্বের রাজা নয়

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা নিয়ে ইনফান্তিনো
ফিফা বিশ্বের রাজা নয়

বিশ্বকাপ শুরুর আগে ভিসা জটিলতাসহ নানা ইস্যুতে তীর্যক সমালোচনা চলছে যুক্তরাষ্ট্রের। নানা অভিযোগের তীর ধেয়ে আসছে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দিকেও। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বললেন, ফিফা ‘বিশ্বের রাজা’ নয়। ২০২৬ বিশ্বকাপ ঘিরে ওঠা নানা বিতর্কে বাড়তি মাত্রা যোগ করে সোমালিয়ার রেফারি ওমার আর্তানকে বিমানবন্দর থেকে ফিরে যাওয়ার ঘটনায়। দেশে ফিরে এই রেফারি পেয়েছেন বীরের মর্যাদা। খেলোয়াড়, অফিসিয়ালদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি, যুক্তরাষ্ট্রের অবস্থান তাতে প্রশ্নবিদ্ধ হয়েছে আরও। আরেক স্বাগতিক দেশ মেক্সিকোতে গয়ে নানা বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন ইনফান্তিনো। ফিফাকে কেবলই ‘ক্রীড়া সংগঠন’ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কারো প্রবেশের বিষয়ে ফিফা নাক গলাবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল যুক্তরাষ্ট্রেরই। ‘আমরা সবসময় সমাধানের পথ খোঁজার চেষ্টা করি, সবসময়ই করি। কিন্তু এই দিকটিও আমাদের মনে রাখতে হবে যে, আমরা বিশ্বের রাজা নই। আমরা কোনো সরকার ও পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা একটা ক্রীড়া সংস্থা। আমাদের যা আছে, তা নিয়েই আমরা সেরাটা করার চেষ্টা করি।’ কী কারণে আর্তানকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, সে বিষয়ে তখন বিস্তারিত কিছু না জানালেও, ট্রাম্প প্রশাসন মঙ্গলবার জানায়, ‘সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের’ সঙ্গে যোগসূত্র থাকার কারণে আর্তানকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আর্তানের যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি না পাওয়াকে ইনফান্তিনো ‘দূর্ভাগ্যজনক’ মন্তব্য করেছেন। তবে এ নিয়ে হৈ-চৈ করার চেয়ে শান্ত থেকে সমাধানের পথ খোঁজার পক্ষে তিনি। ‘কখনও কখনও তাৎক্ষণিভাবে চিৎকার, চেচামেচি শুরু করলে সমাধান খোঁজার ক্ষেত্রে উল্টো ফল হয়। আমরা সবসময় সমাধান খোঁজার চেষ্টা করি।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে থাকা ইরান দলের বিশ্বকাপ খেলার পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। দলটি তাদের প্রশিক্ষণ ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিয়েছে এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ খেলে তারা ফিরে যাবে তিহুয়ানায়। এই ইস্যুতে ফিফার সক্রিয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে, ইনফান্তিনো স্পষ্ট করে বললেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর সাহায্য করার ক্ষেত্রে সক্রিয় রয়েছে ফিফা। ‘আমি হাত গুটিয়ে বসে থাকার কথা বোঝাইনি। আমি বলতে চেয়েছি, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন যে, আমরা নেপথ্যে থেকে কাজ করছি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। আমাদের কিছু কথা বলা হয়, কিছু বলা হয় না। তবে আমরা সবসময় পরিস্থিতিকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার এবং একটা সমাধান বের করার চেষ্টা করি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত