ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ছিটকে গেলেন নেইমার!

ছিটকে গেলেন নেইমার!

বিশ্বকাপের জন্য যেখানে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ব্রাজিলের সতীর্থরা, সেখানে নেইমার লড়ছেন ভিন্ন আরেক লড়াই। চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তারকা এই ফরোয়ার্ডকে ছাড়াই প্রস্তুতির আরেকটি দিন কাটিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী রোববার নিউইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার অভিযান শুরু করবে ব্রাজিল। সেই লড়াইয়ে নামার আগে নিউ জার্সির মরিসটাউনে এখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলটির ফুটবলাররা। সেখানে অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে। ফলে মাঠের লড়াই গড়ানোর ঠিক ২৪ ঘণ্টা আগে সেলেসাও শিবিরে বড় ধরনের এক ধাক্কা লেগেছে। প্রথম ম্যাচ তো বটেই, বিশ্বকাপের শুরুর দিকে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের খেলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ফরাসি জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যম ফুটমেরকাতো এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, নেইমার এখনও দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। তার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়াটি আগের চেয়ে আরও বেশি জটিল হয়ে পড়েছে। গত ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরবর্তীতে ব্রাজিলের জাতীয় দলের মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছিল, তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। তবে বিশ্বকাপ দল নিউ জার্সিতে নিবিড় অনুশীলন করলেও নেইমার এখনো মূল দলের সাথে যোগ দিতে পারেননি। তাকে একা একা জিম এবং সাইক্লিং করে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ফুটমেরকাতোর রিপোর্ট অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর কোচ কার্লো আনচেলত্তি এবার অনেক আলোচনা-সমালোচনার পর নেইমারকে বিশ্বকাপের দলে ডেকেছিলেন। নেইমার নিজেও তার এই চতুর্থ বিশ্বকাপকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়ে বেশ আবেগী বার্তা দিয়েছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই তার অনুপস্থিতি দলের কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করছে কোচ আনচেলত্তিকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত