
অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ পুরুষ দল। পুল 'বি'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে লাল-সবুজের যুবাদের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। চীনের ইনার মঙ্গোলিয়ার মকির মরিন দাওয়া স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে দারুণ লড়াই করেও হেরে যায় বাংলাদেশ। একসময় ২-১ গোলে এগিয়ে থাকা জাইলস বোনেটের দল শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পরাজিত হয়। ফলে পরের রাউন্ডের দৌড়ে টিকে থাকতে মালয়েশিয়ার বিপক্ষে জয় কিংবা অন্তত গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশের যুবাদের। এই টুর্নামেন্টের শীর্ষ ছয় দল জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তাই বাংলাদেশের মূল লক্ষ্য অন্তত সেরা ছয়ের মধ্যে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। প্রথম ম্যাচে হারের পর সেই লক্ষ্য পূরণে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে বয়সভিত্তিক হকিতে মালয়েশিয়া শক্তিশালী প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিপক্ষে ভালো লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ২০২৪ সালের জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। চলতি বছরের মে মাসে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপেও মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুবারা।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ শিবির। চোটের কারণে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ইসমাইলকে পাচ্ছে না দল। তার অনুপস্থিতি আক্রমণভাগে প্রভাব ফেলতে পারে। মালয়েশিয়া ম্যাচের আগে অবশ্য কোনো অনুশীলন রাখেননি প্রধান কোচ জাইলস বোনেট। রবিবার সকালে ভিডিও সেশনে প্রতিপক্ষের কৌশল নিয়ে কাজ করেছে দল। বিকেলে স্টেডিয়ামের গ্যালারিতে বসে মালয়েশিয়ার ম্যাচও পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।