ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডিসেম্বরে এক জার্সিতে মেসি-রোনালদো স্বপ্নের জুটি!

ডিসেম্বরে এক জার্সিতে মেসি-রোনালদো স্বপ্নের জুটি!

ফুটবল যে শুধু গোল, জয় কিংবা ট্রফির গল্প নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অসম্ভবকে সম্ভব করার মঞ্চও! সেই মঞ্চ যদি হয় বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা, আর সেখানে একই দলের জার্সিতে মাঠে নামেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো-তাহলে সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর একটি হয়ে উঠবে। সেই সম্ভাবনার দরজাই যেন খুলে দিয়েছেন কার্লোস তেভেজ।

আগামী ডিসেম্বরে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠে তেভেজের জন্য একটি জমকালো বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোকা সভাপতি হুয়ান রোমান রিকেলমে ইতিমধ্যে এই আয়োজনের জন্য লা বোম্বোনেরা ব্যবহারের বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে আর্জেন্টিনার পেশাদার লিগের সূচি এবং বোকা জুনিয়র্সের নিজস্ব ম্যাচের সঙ্গে সামঞ্জস্য রেখে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি কয়েকটি দিন সম্ভাব্য হিসেবে বিবেচনায় রয়েছে।

তেভেজের পরিকল্পনাটিও কম চমকপ্রদ নয়। দীর্ঘ ফুটবলজীবনে যেসব সতীর্থ তার পথচলার সঙ্গী ছিলেন, তাদের বড় একটি অংশকে নিয়ে বিদায়ী ম্যাচটি সাজাতে চান তিনি।

প্রায় ৬০ জন ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। একদিকে থাকবেন তেভেজের শৈশব ও পাড়ার বন্ধুদের নিয়ে গড়া দল, অন্যদিকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের বিভিন্ন ক্লাবের সাবেক সতীর্থরা। আর সেই তারকাখচিত তালিকাতেই সবচেয়ে বেশি আলোড়ন তুলছে দুটি নাম-মেসি ও রোনালদো!

তেভেজের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন মেসি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে একই ড্রেসিংরুম ভাগ করেছেন তেভেজ ও রোনালদো। ফলে দুজনকেই আমন্ত্রণ জানানোর ভাবনা অস্বাভাবিক নয়। কিন্তু আসল বিস্ময় অন্য জায়গায়। দুজন যদি আমন্ত্রণ গ্রহণ করেন এবং তেভেজের পরিকল্পনা অনুযায়ী একই দলে জায়গা পান, তাহলে প্রথমবারের মতো মেসি ও রোনালদোকে একই জার্সিতে পাশাপাশি দেখা যেতে পারে।

দেড় দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত দ্বৈরথের দুই প্রান্তে দাঁড়িয়ে ছিলেন মেসি ও রোনালদো। একে অপরের বিপক্ষে খেলেছেন অসংখ্যবার। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথ থেকে শুরু করে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন মঞ্চে তাদের মুখোমুখি লড়াই তৈরি করেছে একের পর এক স্মরণীয় মুহূর্ত। কিন্তু একই দলের হয়ে খেলার দৃশ্যটি থেকে গেছে কল্পনার জগতে।

তেভেজের বিদায়ী ম্যাচ সেই কল্পনাকেই বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে। অবশ্য এখনই এটিকে নিশ্চিত ঘটনা বলার সুযোগ নেই। মেসি ও রোনালদো-কেউই এই ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। এমনকি বিদায়ী ম্যাচের চূড়ান্ত তারিখও ঠিক হয়নি। আর্জেন্টিনার লিগ সূচি ও বোকা জুনিয়র্সের ম্যাচের সঙ্গে সংঘাত তৈরি হলে আয়োজনের দিন পরিবর্তন হতে পারে।

তেভেজ নিজেও এমন একটি বিদায় পাওয়ার যোগ্য। বোকা জুনিয়র্স থেকে ইউরোপের মঞ্চ-ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস হয়ে আর্জেন্টিনা জাতীয় দল-তার ক্যারিয়ারের প্রতিটি অধ্যায়েই ছিল আলাদা গল্প। ২০২২ সালের জুনে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর আগে ২৭৯ ম্যাচে ৯৪ গোল করেন এবং জেতেন ১১টি বড় শিরোপা। অবসরের পর কোচ হিসেবেও সামলেছেন রোসারিও সেন্ট্রাল, ইন্ডিপেনদিয়েন্তে ও তায়েরেস কর্দোবার দায়িত্ব।

এবার সেই দীর্ঘ পথচলার শেষ স্মৃতিটাকে আরও বড় করে তুলতে চান তেভেজ। আর সেই স্মৃতির ফ্রেমে যদি সত্যিই মেসি ও রোনালদো পাশাপাশি দাঁড়িয়ে যান, তাহলে লা বোম্বোনেরার সেই রাত শুধু তেভেজের বিদায়ী ম্যাচ হয়ে থাকবে না-তা হয়ে উঠতে পারে ফুটবলের এক অসম্ভব ছবির বাস্তব রূপ!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত