ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাঠে বাংলাদেশের গল্প বলবে সাদা-সবুজের বর্ণমালা

মাঠে বাংলাদেশের গল্প বলবে সাদা-সবুজের বর্ণমালা

মাঠে নামার আগে এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিই যেন বলে দেবে তার পরিচয়ের গল্প! লাল-সবুজের চেনা আবহের সঙ্গে মাতৃভাষা বাংলাকে যুক্ত করে তৈরি করা হয়েছে জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে কিট। কাপড়ের জমিনে বর্ণমালার শৈল্পিক উপস্থিতি রেখে জার্সিকে শুধু খেলার পোশাক নয়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়েরও একটি বাহক হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলের নতুন কিট তৈরি করেছে দেশীয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'দৌড়'।

নতুন হোম জার্সির মূল জমিন সাদা। কলার ও দুই পাশে লাল রঙের ব্যবহার সেই শুভ্রতার মধ্যে এনেছে জাতীয় পতাকার পরিচিত ছোঁয়া। তবে সবচেয়ে আলাদা করে চোখে পড়ার মতো বিষয়টি জার্সির কাপড়েই-ওয়াটারমার্কে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার অবয়ব। বুকের ওপর রয়েছে বাফুফের লোগো, আর লাল রঙে মুদ্রিত জার্সি নম্বর। এর সঙ্গে থাকছে লাল শর্টস ও সাদা মোজা।

অ্যাওয়ে কিটে ফিরে এসেছে লাল-সবুজের আরও সরাসরি প্রকাশ। সবুজ জার্সির কাঁধে লাল স্ট্রাইপ, আর সামনের অংশে এমবসড টেক্সচারে বাংলা বর্ণ ও হরফের নকশা। এখানে নম্বর ও প্রস্তুতকারকের লোগো রাখা হয়েছে সাদা রঙে। সবুজ শর্টস ও সবুজ মোজায় পূর্ণ হবে অ্যাওয়ে কিট।

জার্সির নকশায় সংস্কৃতির উপস্থিতি যতটা আলোচনার বিষয়, বাজারমূল্যও ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অফিসিয়াল জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। খেলোয়াড়ের নাম ও নম্বর যুক্ত সংস্করণ কিনতে খরচ হবে আরও ১০০ টাকা বেশি ১ হাজার ৭০০ টাকা। সাধারণ সমর্থকদের কথা মাথায় রেখে রাখা হয়েছে 'ফ্যান এডিশন', যার দাম ৭০০ টাকা। ভবিষ্যতে এই সংস্করণের দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

জার্সির দাম নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন 'দৌড়'-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবিদ আলম। তার বক্তব্য, আগের সংস্করণের তুলনায় এবার কাপড়ের মান উন্নত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত